সরেজমিন নিউজ
সারা দেশ

শিশু হত্যা / ডেমরায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের পর হত্যা, ৪ দিন পর মিলল মরদেহ

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ডেমরার নড়াইবাগ এলাকায় নিখোঁজের কয়েক দিন পর ১৩ বছর বয়সী শিশু হামিদুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিফ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ডেমরার নড়াইবাগের মালা মার্কেটসংলগ্ন বোতল ফ্যাক্টরির পেছনের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহত হামিদুল বরিশালের কাজিরহাট উপজেলার আন্দারমানিক গ্রামের বাসিন্দা। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার পরিবার ডেমরার নড়াইবাগ মোল্লাবাড়ি এলাকায় বসবাস করত।

নিহতের বড় ভাই সাইদুর রহমান আকন্দ জানান, তাদের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন। মা পক্ষাঘাতগ্রস্ত। হামিদুলও শারীরিক প্রতিবন্ধী ছিল। গত ৭ নভেম্বর দুপুর ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি করেন। পরে ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি জানান, ৯ নভেম্বর এলাকার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে আরিফ নামে এক হোটেল কর্মচারীকে হামিদুলকে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি সামনে আসার পর পুলিশ আরিফকে জিজ্ঞাসাবাদ করে। তবে প্রথমে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

মঙ্গলবার বিকেলে মালা মার্কেটের পেছনের বালুর মাঠে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি পাশের ঝোপে গিয়ে পড়ে। বল আনতে গিয়ে শিশুরা সেখানে একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহতের ভাইয়ের ভাষ্য অনুযায়ী, পরে আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হামিদুলকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। হামিদুল চিৎকার শুরু করলে তার গলা চেপে ধরে হত্যা করা হয় বলে জানান তিনি।

সাইদুর রহমান আরও জানান, ৭ নভেম্বরের সিসিটিভি ফুটেজে দুপুর ১২টা ২৫ মিনিটে আরিফকে হামিদুলকে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়। ১২টা ৪৭ মিনিটে একই পথে তাকে একা ফিরে আসতে দেখা যায়। এই ২২ মিনিটের মধ্যেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়খ খসরুর তৈরি সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার আলামতের কথা উল্লেখ করা হয়েছে। মরদেহে পচন ধরেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

ট্যাগ: ডেমরানড়াইবাগহামিদুল ইসলামশিশু হত্যাশিশুর মরদেহ উদ্ধারঢাকা মহানগরযৌন নির্যাতনশ্বাসরোধে হত্যাডেমরা থানাঅভিযুক্ত আটক