সরেজমিন নিউজ
শিক্ষা

রাবিতে ভর্তির নতুন সূচি ঘোষণা / পিছিয়ে গেল রাবির ভর্তি পরীক্ষা, নতুন তারিখ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ছবিঃ সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত জানুয়ারির পরিবর্তে আগামী বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এ বিষয়ে উপাচার্য জানান, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নতুন করে সাত দিন সময় দেওয়া হবে।

ভর্তির যোগ্যতার ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক ও বাণিজ্য বিভাগের আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় সম্মিলিত জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮ জানুয়ারি থেকে শুরুর ঘোষণা দিয়েছিল। সে সময় নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রাথমিক আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল ১২ থেকে ২৭ নভেম্বর।

তবে নতুন সিদ্ধান্তে ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময়সীমা দুটিতেই পরিবর্তন আনা হয়েছে। ফলে নতুন সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি ভর্তি পরীক্ষাভর্তি বিজ্ঞপ্তি২০২৬-২৭ শিক্ষাবর্ষবিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি আবেদনের সময়এ ইউনিটবি ইউনিটসি ইউনিট