সরেজমিন নিউজ
সারা দেশ

মাদকবিরোধী অভিযান / নাফ নদীতে ১০ কোটি টাকার ইয়াবা, ধরা পড়ল দুই পাচারকারী

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে আটক ২। ছবিঃ সংগৃহীত জন
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে আটক ২। ছবিঃ সংগৃহীত জন

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট।

মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত জানান লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার নুর মোহাম্মদ (৫০) ও নজির আহমদ (৪০)।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্য পাওয়ার পর নদীতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় সাবরাংয়ের আলোগোলা জোরা এলাকাসংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের চলাচল নজরে আসে কোস্ট গার্ডের সদস্যদের। বোটটিকে থামার সংকেত দেওয়া হলেও তা অমান্য করে পালানোর চেষ্টা করেন আরোহীরা।

পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: টেকনাফনাফ নদীইয়াবা জব্দইয়াবা পাচারকোস্ট গার্ডকক্সবাজারমাদকবিরোধী অভিযান২ লাখ ইয়াবামাদক চোরাচালান